দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত চুক্তিকে প্রভাবিত করার চেষ্টা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।
সূত্রটির দাবি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করতে ডানপন্থী গণমাধ্যমের প্রভাবশালী ব্যক্তিত্ব এবং ইসরায়েলপন্থী সিনেটরদের ব্যবহার করার পরিকল্পনা করছেন নেতানিয়াহু।
ইরানকে নিয়ে শুরু থেকেই সংশয়ী অবস্থানে রয়েছেন নেতানিয়াহু। তার বিশ্বাস, তেহরান কখনোই আন্তরিকভাবে আলোচনায় অংশ নেয়নি। ওই সূত্র আরও জানায়, নেতানিয়াহু এখনো মনে করেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শেষ পর্যন্ত কোনো চূড়ান্ত চুক্তি হবে না এবং ইরান তাদের পারমাণবিক কর্মসূচির ওপর বিধিনিষেধ মেনে নিতে সত্যিকার অর্থে রাজি হবে না।
ট্রাম্প ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করে ৬০ দিনের আলোচনার প্রক্রিয়া শুরু করার পর নেতানিয়াহু নিজের অবস্থান তুলে ধরতে ডানপন্থী গণমাধ্যমের পরিচিত মুখদের কাজে লাগানোর চেষ্টা করছেন বলে দাবি করা হয়েছে।
এর অংশ হিসেবে ইসরায়েলপন্থী পডকাস্ট উপস্থাপক মার্ক লেভিন বুধবার চুক্তির সমালোচনা করে বলেন, এটি ‘কোনো অর্থ বহন করে না’। একই সঙ্গে ইরানের পুনর্গঠনের জন্য প্রস্তাবিত তহবিলকে তিনি ‘অস্বচ্ছ অর্থভান্ডার’ হিসেবে আখ্যা দেন।
এ বিষয়ে মন্তব্য জানতে নেতানিয়াহুর কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করেছে সিএনএন।
সূত্রটির মতে, ট্রাম্পকে প্রভাবিত করতে ইসরায়েলপন্থী সিনেটরদের ওপরও নির্ভর করতে চান নেতানিয়াহু। তবে অতীতে ইরানের বিরুদ্ধে আরও হামলার পক্ষে অবস্থান নেওয়া রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের মতো নেতারাও এখন অবস্থান পরিবর্তন করেছেন।
গ্রাহাম বুধবার বলেন, ইরানের সঙ্গে হওয়া এই চুক্তি ‘যুক্তরাষ্ট্রের জন্য উপকারী হবে’।
এদিকে নেতানিয়াহু ট্রাম্পকে জানিয়েছেন, লেবাননে যুদ্ধ ‘অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধের’ যে শর্ত চুক্তিতে রয়েছে, সেটিকে ইসরায়েল নিজেদের জন্য বাধ্যতামূলক বলে মনে করে না।
যদিও যুক্তরাষ্ট্রের চাপের মুখে ইতোমধ্যে লেবাননে নিজেদের সামরিক অভিযান কিছুটা সীমিত করেছে ইসরায়েল।
সূত্র: সিএনএন
/অ